ইসলামী বোনদের সুগন্ধি ব্যবহারের হুকুম
প্রশ্ন:- ইসলামী বােনেরা কি সুগন্ধি লাগাতে পারবে?
উত্তর:- লাগাতে পারবে। কিন্তু পর-পুরুষ পর্যন্ত সুগন্ধি যেন না পৌঁছে। হযরত সায়্যিদুনা আবু হুরায়রা رَضِیَ اللہُ عَنۡہُ থেকে বর্ণিত; রহমতে আলম, নূরে মুজাসসাম, হুযুর পুরনূর ﷺ ইরশাদ করেন: “ পুরুষের সুগন্ধি এরূপ, যাতে সুগন্ধি প্রকাশ পায় কিন্তু রং প্রকাশ পায় না এবং মহিলাদের সুগন্ধি হচ্ছে, যাতে রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধি প্রকাশ পায় না। ”
(শামাঈলে মুহাম্মদীয়া, ১৩১ পৃষ্ঠা, হাদীস: ২১০)
প্রখ্যাত মুফাস্সীর হাকিমুল উম্মত, হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ এই হাদীসে পাকের বাক্য “ মহিলাদের সুগন্ধি সেটা, যাতে রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধি প্রকাশ পায় না ” এর ব্যাখ্যায় বলেন: “ স্মরণ রাখবেন! মহিলারা যেন সুগন্ধিময় জিনিস ব্যবহার করে বাইরে বের না হয়। নিজের স্বামীর নিকট সুগন্ধি লাগাতে পারবে এতে কোন নিষেধাজ্ঞা নেই। ”
(মিরআত, ৬ষ্ঠ খন্ড, ১৬০ পৃষ্ঠা)
প্রশ্ন:- যদি কোন ইসলামী বােন সুগন্ধি লাগিয়ে ঘরের বাইরে বের হয়, তবে তার জন্য কি হুকুম?
উত্তর:- ইসলামী বােন নিজ ঘরের চার দেয়ালের ভেতর যেখানে শুধুমাত্র স্বামী অথবা মাহরাম থাকে, সেখানে সব ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে। তবে হ্যাঁ! এই সাবধানতা অবলম্বন করা আবশ্যক যে, দেবর, ভাশুর ও অন্যান্য পর-পুরুষ পর্যন্ত যেন সুগন্ধি না পৌঁছে। বাইরে বের হওয়ার সময় যে মহিলা এমন সুগন্ধি ব্যবহার করে যা পর-পুরুষকে আকর্ষণের কারণ হয়, তবে তার ভয় করা উচিত। হযরত সায়্যিদুনা আবু মূসা আশয়ারী رَضِیَ اللہُ عَنۡہُ থেকে বর্ণিত, রসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন: “ যখন কোন মহিলা সুগন্ধি লাগিয়ে লোকদের মাঝে বের হয়, যেন লোকেরা তার সুগন্ধি পায়, তবে সে (মহিলা) ব্যভিচারিণী। ”
(সুনানে নাসায়ী, ৮ম খন্ড, ১৫৩ পৃষ্ঠা)
আমীরুল মুমেনীন হযরত সায়্যিদুনা ওমর ফারুকে আযম رَضِیَ اللہُ عَنۡہُ এর পবিত্র যুগে একজন মহিলা পথ চলছিলো। যার সুগন্ধি তাঁর (হযরত ওমর এর) অনুভব হলো, তখন তিনি তাকে প্রহার করার জন্য চাবুক উঠালেন এবং বললেন: তুমি কি এমন সুগন্ধি লাগিয়ে বের হও, যার সুঘ্রাণ পুরুষদের অনুভব হয়। (যদি প্রয়োজনবশত বের হতেও হয়) তবে সুগন্ধি লাগিয়ে বের হবে না।
(মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ৪র্থ খন্ড, ২৮৪ পৃষ্ঠা, হাদিস: ৮১৩৯)
[গ্রন্থ: ‘পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর’। অধ্যায়: মহিলাদের গাড়িতে চলাফেরার ব্যাপারে প্রশ্নোত্তর। পৃষ্ঠা: ২২৩-২২৪। লিখক: আমীরে আহলে সুন্নাত, মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتۡ بَرَکاتُہُمُ الۡعَالِیَہ]

No comments